পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
যোগীর বিরুদ্ধে আপত্তিকর পোস্ট, দুর্গাপুর থেকে গ্রেপ্তার যুবক
সামাজিক মাধ্যমে উত্তরপ্রদেশ প্রশাসনকে নিয়ে আপত্তিকর পোস্ট করার অভিযোগে দুর্গাপুর থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে ভিন রাজ্যের পুলিশ।
সামাজিক মাধ্যমে উত্তরপ্রদেশের প্রশাসনকে নিয়ে আপত্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার দুর্গাপুরের সিটি সেন্টার এলাকা থেকে তাঁকে আটক করে উত্তরপ্রদেশ পুলিশ। ধৃতের নাম মনোজ সিং। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগে উত্তরপ্রদেশে থাকাকালীন তাঁর বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়া এবং ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ উঠেছিল। পরে তিনি দুর্গাপুরে ফিরে আসেন। অভিযোগ, সেখান থেকেই হোয়াটসঅ্যাপ ও ইমেলের মাধ্যমে উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে নানা বিতর্কিত বক্তব্য ছড়ানোর কাজ চালাচ্ছিলেন তিনি। পাশাপাশি তাঁর বিরুদ্ধে মহিলাদের আপত্তিকর ছবি তোলার অভিযোগও রয়েছে। উত্তরপ্রদেশে লিখিত অভিযোগ দায়ের হওয়ার পর তদন্তে নেমে পুলিশ জানতে পারে যে অভিযুক্ত ব্যক্তি দুর্গাপুরে লুকিয়ে রয়েছেন। এরপরই উত্তরপ্রদেশ থেকে একটি দল এখানে এসে স্থানীয় পুলিশের সহায়তায় তাঁকে গ্রেপ্তার করে। রবিবারই মনোজ সিংকে দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করানো হয়। তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য উত্তরপ্রদেশ পুলিশ আদালতের কাছে দুদিনের ট্রানজিট রিমান্ডের আবেদন জানিয়েছে।