RASHTRIX 24X7 NEWS

ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার

সোশাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করার অভিযোগে হায়দরাবাদে মেটার দপ্তরে ভাঙচুর যুব কংগ্রেসের

সোশাল মিডিয়ায় সরকার বিরোধী পোস্ট মুছে ফেলার অভিযোগ তুলে হায়দরাবাদে মেটার দপ্তরে ভাঙচুর চালিয়েছেন যুব কংগ্রেস কর্মীরা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা এবং রাহুল গান্ধীর প্রশংসা করা পোস্ট মুছে ফেলার পাশাপাশি সোশাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ করার অভিযোগ তুলল কংগ্রেস। এই অভিযোগে হায়দরাবাদে মেটার কার্যালয়ে চত্বরে বিক্ষোভ দেখান যুব কংগ্রেসের কর্মীরা। দপ্তরে ভাঙচুরের ঘটনাও ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিক্ষোভকারীদের আটক করে। দেশের অন্যান্য শহরেও বিক্ষোভ দেখানো হয়েছে বলে জানা গিয়েছে।

যুব কংগ্রেসের দাবি, সোশাল মিডিয়া সংস্থাটি সরকারের নির্দেশ মেনে কাজ করছে এবং স্বাধীন কণ্ঠস্বর রোধ করা হচ্ছে। সংগঠনের শীর্ষ নেতাদের ফেসবুক অ্যাকাউন্ট ব্লক করার পরেই এই অসন্তোষ দানা বাঁধে। ব্লক করা অ্যাকাউন্টগুলি আগামী সাত দিনের মধ্যে সচল করার দাবি জানিয়েছে যুব কংগ্রেস। অন্যথায় সারা দেশেই এই সংস্থার কার্যালয় বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

এই ঘটনার তীব্র সমালোচনা করে বিজেপি জানিয়েছে, এই ধরনের তাণ্ডব প্রমাণ করে যে কংগ্রেস একটি হিংসাত্মক দল। ব্যক্তিগত সংস্থার দপ্তরে হামলা চালিয়ে ওই দল দেশের অর্থনৈতিক অগ্রগতির বিরোধিতা করছে বলেও শাসক দলের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে।