RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

পাওনা টাকা চাওয়ায় খুন যুবক, ডায়মন্ড হারবারে চাঞ্চল্য

ডায়মন্ড হারবারে পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে এক যুবককে গলা কেটে খুন করার অভিযোগ উঠেছে।

ডায়মন্ড হারবারে টাকা ধার দেওয়ার জেরে এক যুবককে গলা কেটে খুনের অভিযোগ উঠল। বুধবার গভীর রাতে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম রিয়াজুল মোল্লা। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার থানার আমিরা গ্রামের বাসিন্দা ছিলেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত ১০টা নাগাদ সরিষা বাজার থেকে বাড়ি ফিরছিলেন রিয়াজুল। সেই সময় তাঁর উপর হামলা চালায় দুষ্কৃতীরা। ধারালো অস্ত্র দিয়ে তাঁর গলায় কোপ মারা হয় বলে অভিযোগ। প্রাণ বাঁচাতে রাস্তার পাশের একটি বাড়ির সামনে গিয়ে চিৎকার শুরু করেন ওই যুবক। চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়।

রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে ডায়মন্ড হারবার হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। পথেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ডায়মন্ড হারবার থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

পরিবার সূত্রে দাবি করা হয়েছে, বন্ধুদের টাকা ধার দিয়েছিলেন রিয়াজুল। সেই টাকা ফেরত চাওয়ায় ক্ষিপ্ত হয়ে তাঁকে খুন করা হয়েছে। পুরনো বিবাদের জেরেই এই ঘটনা বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। মৃতের পরিবার দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে।