RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

কালী প্রতিমা বিসর্জন ঘিরে বচসা, বাঁকুড়ায় ধারালো অস্ত্রের কোপে খুন যুবক

কালী প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় বচসার জেরে বাঁকুড়ায় খুন হলেন এক যুবক, আটক দুই সন্দেহভাজন।

কালী প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় বচসার জেরে খুন হলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া শহরের লোকপুর এলাকায়। নিহত যুবকের নাম আদিত্য ভকত। তাঁর শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। এই ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আদিত্য লোকপুর ভকতপাড়ার বাসিন্দা ছিলেন এবং কর্মসূত্রে কল্যাণীতে থাকতেন। পুজো উপলক্ষে তিনি বাড়ি ফিরেছিলেন। গতকাল সন্ধ্যায় এক বন্ধু তাঁকে কালী প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় আমন্ত্রণ জানান। সেখানে স্থানীয় এক যুবকের সঙ্গে তাঁর বচসা হয়।

অভিযোগ, বাড়ি ফেরার পথে একটি গলিতে আদিত্যের উপর হামলা চালানো হয়। ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাথাড়ি কোপানো হয় বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

খবর পেয়ে বাঁকুড়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। সন্দেহভাজন দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।