RASHTRIX 24X7 NEWS

প্রিয়রঞ্জনের মূর্তি উন্মোচনে অনুপস্থিত দীপা, শুরু রাজনৈতিক চর্চা

কলকাতায় প্রিয়রঞ্জন দাশমুন্সির মূর্তি উন্মোচন অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন দীপা দাশমুন্সি ও তাঁর পুত্র, যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা চর্চা।

প্রদেশ কংগ্রেসের উদ্যোগে কলকাতার বিবাদী বাগে বসানো হয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সির মূর্তি। শুক্রবার এই মূর্তি উন্মোচন অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা। কারণ, এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না প্রিয়রঞ্জনের পত্নী দীপা দাশমুন্সি ও তাঁদের পুত্র মিছিল।

প্রদেশ কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী জানিয়েছেন, দীপা দাশমুন্সি বর্তমানে কেরলের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস নেত্রী। তাঁর ব্যস্ততার কারণেই তিনি শুক্রবারের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। অমিতাভ দাবি করেছেন, দীপাকে অনুষ্ঠানের কথা জানানো হয়েছিল, কিন্তু কাজের চাপের কারণে তিনি আসতে পারবেন না বলে আগেই জানিয়েছিলেন।

তবে এই অনুপস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে অন্য গুঞ্জনও রয়েছে। একাংশের মতে, মূর্তি স্থাপনের এই পরিকল্পনার নেপথ্যে ছিলেন সম্প্রতি বিজেপিতে যোগ দেওয়া নেতা সন্তোষ পাঠক। তিনি নিজে উপস্থিত থাকতে না পারায় ঘনিষ্ঠ নেতা অমিতাভ চক্রবর্তীকে অনুষ্ঠান আয়োজনের দায়িত্ব দিয়েছিলেন। অনুষ্ঠানে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার উপস্থিত থাকলেও, দীপা ও তাঁর পুত্র সেখানে যাননি। রাজনৈতিক মহলের একাংশের দাবি, সোনিলা গান্ধী ও রাহুল গান্ধীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে দীপা বিজেপিসংশ্লিষ্ট এই আয়োজনে দূরত্ব বজায় রাখতে চেয়েছেন।

এদিকে কংগ্রেস সূত্রে খবর, আগামী ডিসেম্বরে প্রদেশ কংগ্রেস দপ্তরে প্রিয়রঞ্জন দাশমুন্সিকে নিয়ে একটি পৃথক অনুষ্ঠান করতে পারেন দীপা দাশমুন্সি নিজে।